২৬ মে ২০১৩ - ১৯:৩০
মুক্তি পেল সিপাহে সাহাবার কুখ্যাত নেতা

গত ফেব্রুয়ারী মাসে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের অবৈধ সংগঠন সিপাহে সাহাবা নেতা লাহোর কারাগার হতে মুক্তি লাভ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের অবৈধ ঘোষিত সিপাহে সাহাবা সন্ত্রাসী সংগঠনের নেতা মালেক মুহাম্মাদ ইসহাকসহ অপর ১০০ জন সন্ত্রাসী লাহোর কারাগার হতে মুক্তি পেয়েছে।

অনেকের মতে বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরের শিয়াদের উপর বিভিন্ন হামলায় সিপাহে সাহাবা এ নেতা জড়িত। চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত শুধুমাত্র কোয়েটা শহরে ১৮০ জনের অধিক শিয়া মুসলিম শহীদ হয়েছে।

শিয়া বিরোধী সন্ত্রাসী সংগঠন লাশকারে ঝাংভি ১৯৯৬ সালে ‘সিপাহে সাহাবা পাকিস্তান’ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। স্বয়ং সিপাহে সাহাবা ১৯৮৫ সালে আফগানিস্তানের উপর সোভিয়েত হামলা রোধ ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে গঠিত হয়েছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাশকারে ঝাংভি তাদের নেতৃত্বের বিষয়টি গোপন রাখলেও এ সন্ত্রাসী দলটির অন্যতম শীর্ষ নেতা হচ্ছে মালেক ইসহাক। সিপাহে সাহাবা দলের এ নেতার মুক্তি পাওয়ার পর শিয়া বিরোধী সহিংসতা আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন অনেকে।

বলাবাহুল্য, এ সন্ত্রাসী দলটি বৈদেশিকদের মদদপুষ্ট, বিশেষভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো দ্বারা। এছাড়া পাকিস্তানের সম্প্রতি নির্বাচনে বিজয়ী দলের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দলটির। নতুন সরকারের সাথে সুসম্পর্কের কারণেই সিপাহে সাহাবার এ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এমনও বলা হয়েছে যে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী প্রথমে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশসমূহে সফর করবেন।